ববিতা ও তার ছেলের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা

বরেণ্য অভিনেত্রী ববিতার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। কিন্তু তার নামে কে বা কারা ফেসবুক অ্যাকাউন্ট খুলে চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বোন চম্পারও কোনো ফেসবুক আইডি নেই। তবুও তার নামে অনেক আইডি কে বা কারা খুলে চালাচ্ছে। নতুন করে জানা গেল ববিতার ছেলে অনিকের নাম ব্যবহার করেও অনেকে প্রতারণা করছেন।

বিষ্মিত হয়ে ববিতা জানান, অনিক নাকি একজন পরিচালককে ফোন দিয়ে বলেছে, সে ববিতার ছেছে। কাজ করে কালের কণ্ঠে। পত্রিকাটির জন্য নাকি ওই পরিচালকের সাক্ষাৎকার নেবে। অবাক কাণ্ড! আমার ছেলে কানাডার অন্টারিওতে পড়াশোনা শেষ করে জব করছে। ক’দিন পরেই পিএইচডি শুরু কররে। আর সে নাকি বাংলাদেশি চলচ্চিত্রের পরিচালকদের ইন্টারভিউ করবে..!

তিনি আরও বলেন, ‘আরও কয়েকজন পরিচালককে আমার ছেলের নামে ফেসবুক আইডি খুলে নক দেওয়া হয়েছে। তারপর ফোন নম্বর নিয়ে কথাও বলেছে। কেউ যদি বলে আমি ববিতার ছেলে অনিক, তাহলে নিশ্চয়ই মানুষজন তো সাড়া দেবেই। অনেক প্রবীণ পরিচালক রয়েছেন, যারা হয়তো সামাজিক মাধ্যমের এ ধরনের বিষয়গুলো খুব ভালোভাবে বোঝেন না। নিশ্চয়ই তারা এ রকম ফাঁদে পড়তে পারেন, জানি না কেউ ভুক্তভোগী হয়েছেন কি না! তবে বিষয়টি নিয়ে আমি সত্যিই চিন্তিত। ’

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা জানান, ‘আমি একেবারেই ফেসবুক ব্যবহার পছন্দ করি না। ঠিক ওই জগতে আমি অভ্যস্ত নই, আমার ভালো লাগে না। এমন একটি জগতে আমার নাম ব্যবহার করে প্রতারণা করছে, এটা তো খুবই অনৈতিক। আমি প্রথমে নিকটস্থ থানায় যোগাযোগ করবো। এরপর সাইবার অপরাধ দমন সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে আইনি পদক্ষেপ নেবো। ’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর