আলফাডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

আধুনিক খেলার ভীড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হা-ডু-ডু খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হা-ডু-ডু খেলা।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আলফাডাঙ্গা উপজেলার দরুণা হা-ডু-ডু দল ২-১ গোলে কাশিয়ানী উপজেলার শিবপুর হা-ডু-ডু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে খেলার প্রধান অতিথি আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান বিজয়ী দলকে পুরস্কার হিসাবে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন।

এসময় চেয়ারম্যান আহাদুল হাসান বলেন, ‘কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার জাতীয় খেলা হা-ডু-ডু। সাধারণত এ খেলায় বেশীরভাগ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু আজকের এ খেলাটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।’

সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিক মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত এ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রওশন মিয়া, বিশিষ্ট ক্রীড়াবিদ রফিক তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক শেখ, কওছার মিয়া, ওয়াহিদুজ্জামান মিয়া, মাহমুদ মিয়া, রাজা মিয়া, মাহবুর মিয়া, ইউপি সদস্য রবিউল মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মুন্সি প্রমুখ।

চ্যাম্পিয়ান দলের অধিনায়ক মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) বলেন, ‘আমাদের দেশের জাতীয় খেলা হা-ডু-ডু হলেও হারিয়ে যেতে বসেছে খেলাটি। তাই এই টুর্নামেন্টের মাধ্যমে হারানো ঐতিহ্য পুনরুজ্জীবিত হয়েছে। এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ।’

এ হা-ডু-ডু ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে। দুপুর থেকেই উৎসুক হাজার হাজার জনতা ভীড় করেত থাকেন খেলার মাঠে। খেলায় উভয়দলে অংশ নেন জাতীয় হা-ডু-ডু দলের খেলোয়াড়গণ। এধরনের খেলার আয়োজনের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি গ্রামের মানুষের আনন্দ বিনোদন দেওয়ার লক্ষ্য ছিল আয়োজকদের।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর