বগুড়ায় কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে গিয়ে হেলথ কেয়ার প্রভাইডারের হাতে লাঞ্চিত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ঐ নারী বাদি হয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ঐ নারীর নাম সুরাইয়া আক্তার। সে শাজাহানপুরের কামারপাড়া উত্তর সরকার পাড়ার বুলবুল আহমেদের স্ত্রী।
সুরাইয়া আক্তার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কামারপাড়া কমিউনিটি ক্লিনিকে ওষুধ আনতে যান তিনি। এ সময় সেখানকার দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) মোফাজ্জল হোসেন (৩৮) তাকে একা পেয়ে আজে বাজে কথা বলেন এবং কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজী না হলে এক পর্যায়ে তার গায়ে হাত তোলেন এবং ধাক্কা মেরে ক্লিনিক থেকে বের করে দেন। বিষয়টি জানতে পেরে সুরাইয়া আক্তারের স্বামী বুলবুল আহমেদ গিয়ে মোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইলে অতর্কিতভাবে মারধর করেন।
অভিযোগ অস্বীকার করে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) মোফাজ্জল হোসেন বলেন, কারো সাথে খারাপ ব্যবহার করা হয়নি বরং ওই নারীর স্বামী ক্লিনিকে এসে তাকে মারধর করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, বিষয়টি জানতে পেরে তদন্তের জন্য একজন মেডিক্যাল অফিসারকে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এমআর