চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় নারায়ণগঞ্জের রুপগঞ্জের কালনী বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে গ্রেফতার করে র্যাব। এছাড়াও পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাতীপাড়া এলাকার মোঃ ফুটু আলীর ছেলে মোঃ মমিন আলী (৩২) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার তুলারভাইল এলাকার মোঃ ফরজেল আলীর ছেলে মোঃ জুয়েল হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১১ এর সিপিএসসির কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম থেকে ট্রাকযোগে ঢাকায় মাদকদ্রব্য এনে তা ঢাকার আশপাশের এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বার্তা বাজার / ডি.এস