বেড়া পৌরসভার বরখাস্তকৃত মেয়রের বিরুদ্ধে মামলা
পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করার ঘটনায় বেড়া পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্দুল বাতেনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।
বুধবার রাতে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী নিজে বাদী হয়ে বেড়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১১।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারী কাজে বাধা প্রদান, হুমকি এবং এবং ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পেনাল কোডের ৩২৩, ৩৩২, ৩৫৩, ৩৫৫ ও ৫০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ঘটনার দিনে উপস্থিত তিনজন জনপ্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে ।
উল্লেখ্য, গত সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা চলাকালে মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত এবং অশ্রাব্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। এরই ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেন।
বার্তা বাজার / ডি.এস