গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে প্রেমের প্রতারণার অভিযোগে কাউছার (২৮) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাওনা হাইওয়ে থানার পুলিশ প্রতারক কাউছারকে আটক করে।
প্রতারক কাউছার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মজলিশপুর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, মোবাইলে পরিচয় হওয়া এক মেয়েকে মাওনা হাইওয়ে পুলিশ বক্সের পাশে ডেকে আনে কাউছার। এসময় কাউছার নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। তারপর ওই মেয়েকে নিয়ে হাইওয়ে পুলিশ বক্সের ভেতর গিয়ে কাউছার ওসির চেয়ারে বসে। এসময় কাউছারের পরিচয় জানতে চায় হাইওয়ে পুলিশ। তখন এএসপি পরিচয় দিয়ে বঙ্গভবনে কর্মরত আছেন বলে জানান। সেসময় তার আচরণ ও কথাবার্তা সন্দেহ হলে হইওয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত পরিচয় স্বীকার করেন প্রতারক কাউছার। কাউছারের সঙ্গে থাকা মেয়েটি সেসময় কৌশলে সটকে পড়েন।
কাউছার পুলিশকে জানান, মোবাইলে সিনিয়র এএসপি পরিচয়ে সম্পর্ক গড়ে তোলেন ওই মেয়ের সঙ্গে। পরে ওই মেয়ের কাছে নিজেকে এএসপি প্রমান করতে মাওনা এলাকায় পুলিশ বক্ষে আসেন।
শ্রীপুর থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্তকর্তা।
বার্তাবাজার/কে.কে