মনিপুর হাইস্কুলের শিক্ষার্থীদের বকেয়া পরিশোধের নোটিশ প্রত্যাহার করতে আইনি নোটিশ

রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ফিসহ যাবতীয় বকেয়া বেতন পরিশোধ করতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। এবার সেই নোটিশ প্রত্যাহার করতে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) শিক্ষা সচিব, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং মনিপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষকে রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠানো হয়। নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

গত ১১ অক্টোবর বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়, ৮ অক্টোবর থেকে অনলাইন হোম টেস্ট-২/অনলাইন মডেল টেস্ট-১ অনুষ্ঠিত হবে। এ জন্য ২০ অক্টোবরের মধ্যে পরীক্ষার ফিসহ যাবতীয় বকেয়া পরিশোধ করতে হবে।

পাশাপাশি বলা হয়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এজন্য প্রত্যেক অভিভাবকের মোবাইলে ফোন করা হচ্ছে বেতন পরিশোধের জন্য। স্কুল বন্ধ থাকার পরও এরইমধ্যে যেসব অভিভাবক বেতন পরিশোধ করেছেন তাদের কাছ থেকে মাসিক পানি, বিদ্যুৎ ও আইটি বিল রাখা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর