১৫বছরের ছেলেকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিলেন মা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর উত্তরপাড়া এলাকায় মায়ের ভাড়া করা খুনিদের হাতে খুন হন স্কুলছাত্র পারভেজ মোশাররফ (১৫)। নিহত পারভেজ প্রবাসী মঞ্জুরুল হকের ছেলে। মরিচারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল পারভেজ। এঘটনায় বুধবার মধ্যরাতে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিহতের মাসহ পাঁচজনকে গ্রেফতার করে র‍্যাব।

নিহত পারভেজের বাবা মঞ্জুর মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

আজ (বৃহস্পতিবার ১৫ অক্টোবর) ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রোববার বেলা ১১টার দিকে মরিচারচর ব্রহ্মপুত্র নদ থেকে স্কুলছাত্র পারভেজের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মরিচারচর উত্তরপাড়া এলাকার এমদাদুল হক (৩৮), নিহত পারভেজের মা রোজিনা আক্তার (৩০), মো. গণি মিয়া (৪৫), সুলতান উদ্দিন (৪০) ও রুহুল আমিন (৫৮)।

র‌্যার জানায় , গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নিহত পারভেজের মা রোজিনা আক্তারের সঙ্গে একই গ্রামের এমদাদুল হকের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। মায়ের পরকীয়ার সম্পর্কের বিষয়টি জেনে যায় ছেলে পারভেজ মোশাররফ। এর পর থেকে মা রোজিনা ও তার পরকীয়া প্রেমিক ছেলেকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গণি মিয়া, সুলতান উদ্দিন ও রুহুল আমিনকে টাকার বিনিময়ে ভাড়া করেন। এরপর মোশাররফকে হত্যা করে মরদেহ ব্রহ্মপুত্র নদে ফেলে দেন ভাড়াটে খুনিরা।

র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ জানান, বিকেলে গ্রেফতারকৃতদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর