পাবনার ভাঙ্গুড়ায় সরকারি জলাশয় দখল নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তোরাব আলী (৮৫) ও ফজলুর রহমান (৩৫) নামে দুজন মারা গেছেন। তাঁরা সম্পর্কে পিতা-পুত্র। এসময় আহত হয়েছে প্রায় ১২ জন। তারা ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফজলুর রহমান এবং গতকাল বুধবার রাতে দিকে তোরাব আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, গতকাল বুধবার সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামে জলাশয় দখল ও এক নারীকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তোরাব আলী ও ফজলুর রহমান গুরুতর আহত হন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং পুলিশ পাঁচজনকে আটক করেছে।
ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক সংঘর্ষে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জলাশয় দখল করা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ১৩ জন আহত হয়। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহীতে পাঠানো হয়। পরে তারা মারা যান। এর মধ্যে পুলিশ পাঁচজনকে এ ঘটনায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
তবে হাফিজুরের পক্ষের একজন নারী তাকে উত্ত্যক্ত করার ঘটনা উল্লেখ করে সংঘর্ষ হয়েছে বলে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন। নিহতের ঘটনা ওই মামলায় অন্তর্ভুক্ত করে হত্যা মামলা রুজু করা হয়। যদিও নারীকে উত্ত্যক্ত করার ঘটনাটি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়নি।
বার্তাবাজার/অমি