রেলের উন্নয়নে কাজ করছে সরকার- রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, জেলায় জেলায় রেললাইন যাবে। এজন্য সরকার ও রেল মন্ত্রণালয় কাজ করছে।

বন্ধ হয়ে যাওয়া রেল লাইন পুন:স্থাপন করা হচ্ছে। আশা করছি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে ভারত-বাংলাদেশের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন চলাচল দুদেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় এটা বন্ধ হয়ে যায়।

তিনি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-রাজশাহী এবং রাজশাহী- পঞ্চগড় রুটে প্রথমবারের মত ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন ট্রেনের উদ্বোধন উপলক্ষে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, খুলনা পর্যন্ত ট্রেন লাইন আছে। কিন্তু মোংলা পোর্ট পর্যন্ত নেই। এটা আগামী ২০২২ সালের মধ্যে মোংলা বন্দর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, যমুনা সেতুতে দ্বিতীয় সেতু নির্মাণ কাজ আগামী ২৫ নভেম্বরে মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ করা হবে। ২০২৪ সালের মধ্যে এটার কাজ শেষ হবে।

তিনি বলেন, রেলের ভাড়া বাড়ানো হয়নি। স্বল্পভাড়ায় যাত্রী ও পণ্য পরিবহণ সহজ করা হয়েছে। রেলের সেবা বাড়ানো হয়েছে। রেল ম্যাংগো এবং ক্যাটল ট্রেন চালু করেছে। ভবিষ্যতে এমন আরো অনেক নামেই ট্রেন চালু করা হবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমা লের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেল সচিব সেলিম রেজা।

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বক্তব্য দেন। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃহত্তর দিনাজপুর তথা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের মানুষের যোগাযোগের সুবিধার জন্য পঞ্চগড় থেকে হলো এই আন্ত:নগর ট্রেন। পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ছেড়ে যাবে সকাল সাড়ে ৮টায়। ট্রেনটি রাজশাহী পৌছবে ৯ ঘন্টা পর বিকাল সাড়ে পাঁচটায়।

আবার রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস ছাড়বে রাত ৯ টা ১৫ মিনিটে। পঞ্চগড় পৌঁছবে সকাল পাঁচটা ১০ মিনিটে। রাজশাহী হতে শুক্রবার এবং পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে শনিবার ট্রেনটির সাপ্তাহিক চলাচল বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রীর নিজ জেলা পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার নামের সাথে মিল রেখে নিজেই এই ট্রেনের নামকরণ করেছেন ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। পঞ্চগড় থেকে রাজশাহী পর্যন্ত নতুন ট্রেন সার্ভিস চালু হওয়ায় পঞ্চগড় বাসীসহ বৃহত্তর দিনাজপুরের মানুষের ‘পঞ্চগড় এক্সপ্রেস’র পর দীর্ঘদিনের আরেকটি প্রত্যাশা পূরণ হলো।

পঞ্চগড়সহ বৃহত্তর দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পঞ্চগড়-রাজশাহী, রাজশাহী- পঞ্চগড় ট্রেন চলাচলের। রেলপথ মন্ত্রী সম্প্রতিপঞ্চগড়ের এক সভায়, ১৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে পঞ্চগড়-রাজশাহী রুটে ট্রেন চলাচলের ঘোষণা দেন।

ট্রেনটি পঞ্চগড়, কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও, শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, হিলি, পাঁচবিবি,জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, আব্দুলপুরসহ ২১ টি র স্টেশনে থামবে। একইভাবে ফিরতি পথে এসব স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করবে। শুলভ শ্রেণির ভাড়া ১৭০ টাকা, শোভন ২৮০ টাকা, শোভন চেয়ার ৩৩৫ টাকা, প্রথম শ্রেণির ৪৪৫ টাকা, প্রথম শ্রেণির বার্থ ৬৬৫ টাকা, সিগ্ধা ৫৫৫ টাকা (ভ্যাট ব্যতিত), এসি ৬৬৫ টাকা (ভ্যাট ব্যতিত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট ও বেডিং চার্জ ব্যতিত) নির্ধারণ করা হয়েছে।

এটি খ শ্রেণির ট্রেন। এতে ৫০৮ জন যাত্রী যেতে ও আসতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, এই ট্রেনটি চালুর ফলে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের শিক্ষার্থীদের জন্য যাতায়াত সহজ হলো। এতদিন সরাসরি কোন ট্রেন যোগাযোগ ছিল না। শিক্ষার্থীরাও দীর্ঘদিন সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিল।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর