ছুটি ব্যতীত কর্মস্থল ত্যাগ করে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ নির্বাচনের পোলিং এজেন্ট হয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা ও ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এস এম লুৎফর রানাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (১৪ অক্টোবর) এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়েছে, এস এম লূৎফর রানা মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত অবস্থায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার নির্বাচনে চর-নটাখোলা হাই স্কুল ও চর-অযোধ্যা হাই স্কুলে ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, জাল ভোট দেওয়ার প্রচেষ্টা করেছেন। তার এ কার্যক্রম পৌরসভা কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯২ এর বিধি ৪০(ক) ও (খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই বিধি অনুযায়ী তার স্বীয় পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।
প্রসঙ্গত, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারমান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক ও সুষ্ঠু পরিবেশে চরঅযোধ্যা বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। গত ১০ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকের দৃশ্য। এরই মধ্যে দোতলায় বুথের সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাকে ঘোরাফেরা করতে দেখেন সেখানে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
তিনি সহকারি কমিশনার(ভূমি) হিসেবে জেলা ভাঙ্গা উপজেলায় কর্তব্যরত রয়েছেন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে ম্যাজিস্ট্রেট জানতে পারেন তিনি পোলিং হিসেবে কাজ করছেন। পরিচয় জানতে চাইলে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ধুমপান শুরু করে জানান তিনি এস এম লুৎফর ওরফে রানা মাদারীপুর জেলা কালকিনি পৌরসভার উপসহকারি প্রকৌশলীর চাকরি করেন।
নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে তাকে নিজের হেফাজতে নেন। এরপর স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী ধৃত রানাকে নিজের লোক দাবি করে তাকে দ্রুত ছেড়ে দিতে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে ওই ম্যাজিস্ট্রেটকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভাইরাল হয়।
সামগ্রিক পরিস্থিতিতে বিবেচনা করে এস এম লুৎফর ওরফে রানাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পুরো বিষয়টি জেলা প্রশাসক অতুল সরকারকে লিখিত প্রতিবেদন দিয়ে জানান ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
বার্তাবাজার/অমি