যুক্তরাষ্ট্রে নিজের অ্যাপার্টমেন্টে নির্মম ভাবে খুন হওয়া পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের হত্যা মামলার আসামি তার ব্যক্তিগত সহকারী টাইরেস ডিভন হাসপিল আদালতে ‘পরিকল্পিত’ হত্যার কথা অস্বীকার করেছেন।
ম্যানহাটন ডিস্ট্রিক অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্কাইপে আয়োজিত মামলার শুনানি চলাকালে এ ফার্স্ট ডিগ্রি হত্যায় তিনি দায়ী নন বলে দাবি করেন হাসপিল।
এর আগে গত ১৮ জুলাই তাকে সেকেন্ড ডিগ্রি মার্ডারে অভিযুক্ত করা হয়। সেই অভিযোগও তিনি অস্বীকার করেছিলেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বিলাসবহুল বাসায় ১৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে খুন হন ফাহিম। ময়নাতদন্তে বলা হয়, একাধিক কোপের পর তার মৃত্যু হয়েছে।
ফাহিম প্রযুক্তি জগতে নিজের পথচলা শুরু করেন ওয়েব ডেভেলপার হিসেবে। ২০১৪ সালে ঢাকায় এসে প্রযুক্তি-ভিত্তিক বেশ কিছু ব্যবসার উদ্যোগ নিয়েছিলেন ফাহিম। ২০১৫ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত পাঠাওয়ের সঙ্গে যুক্ত ছিলেন ফাহিম।
বার্তাবাজার/আর.আর