পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগের নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে বড়শশী ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও জাল টাকার মামলায় হাজত খাটা মনিরুজ্জামান রানার বিরুদ্ধে।
অভিযুক্ত রানা ওই এলাকার আজিজুল ইসলামের পুত্র। এর আগেও তার নামে নানা অভিযোগ থাকলেও এবার বিদ্যুৎ দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছে মিটার দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
সরকার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করলেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করাসহ বিদ্যুৎ সরবরাহের নানা উপকরণ আনার নাম করে প্রত্যেক পরিবারের কাছে কয়েক ধাপে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা আদায় করেছেন ওই যুবক। কিন্তু বিদ্যুৎ সংযোগের কোন খবর নেই।
মাসের পর মাস ঘুরাতে থাকেন সহজ সরল গ্রামের মানুষদের। ওই এলাকার ৭২ টি পরিবারের মধ্যে সম্প্রতি ৫০ টি পরিবার বিদ্যুৎ সংযোগ পায়। কিন্তু চাহিদা মতো টাকা না দেয়ায় বাকি ২২ টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া বন্ধ রাখে রানা।
বিষয়টিতে প্রতিবাদ করায় সে এক যুবকের আবেদনের কাগজপত্র গায়েব করে দেয়। এক পর্যায়ে বাদ পড়া পরিবারগুলো পঞ্চগড় পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা ভ্রাম্যমান টিম পাঠিয়ে নির্ধারিত ৪৫০ টাকা ফি নিয়ে পরিবারগুলোর বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন।
শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের অধিনে কাজ হলেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে স্থানীয়রা মনিরুজ্জামান রানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এমনকি তারা এ বিষয়ে গত ১০ অক্টোবর পঞ্চগড় পল্লী বিদ্যুৎ অফিসের উপ মহা ব্যবস্থাপক বরাবরে লিখিতভাবে গণঅভিযোগ করেছেন।
ভুক্তভোগী ইব্রাহিম জামান এলিন বলেন, ২০১৭ সাল থেকে রানা আমাদের বিদ্যুৎ দেয়ার নাম করে ধাপে ধাপে ৫ থেকে ৮ হাজার করে টাকা নিয়েছে। প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা উঠায় রানা। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করায় আমার আবেদনের কাগজপত্র গায়েব করে দেয়। এছাড়া আমিসহ যারা বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছি তাদের এখন বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
পল্লী বিদ্যুৎ পঞ্চগড় জোনাল অফিসের উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) মেহেদী হাসান বলেন, আমরা ওই এলাকার মানুষের লিখিত অভিযোগ পেয়েছি। সেটি এজাহার আকারে বোদা থানায় দেয়া হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে। আমাদের নির্ধারিত ৪৫০ টাকা জমা দিলেই গ্রাহক বিদ্যুৎ পাবেন। কিন্তু কিছু প্রতারক চক্র এই সুযোগ কাজে লাগিয়ে বিদ্যুৎ সংযোগের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের তথ্য আমাদের কাছে দিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো।
অভিযোগের বিষয়ে জানতে মনিরুজ্জামান রানার দুটো মোবাইল নাম্বারে কল করা হলে দুটো নাম্বারি বন্ধ পাওয়া যায়।
কেএস/বার্তাবাজার