গাজীপুরের টঙ্গীতে ৪৪নং ওয়ার্ড ফেনসিডিলসহ যুবলীগের নেতা নাজমুল হক (৩৪) আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটককৃত নাজমুল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার সাইদুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ গোপালপুর এলাকায় বসবাস করে আসছিল। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপার্থী ছিলেন।
টঙ্গী পুলিশ জানায়, নাজমুল দীর্ঘদিন যাবৎ এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মরকুন এলাকা থেকে ফেনসিডিল বিক্রির সময় নাজমুলকে হাতেনাতে আটক করে। তার কাছ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এমআর