কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেশব্যাপী অব্যাহত ধর্ষণ-গণধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আট দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ-গণধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সামগ্রিক চিত্র পরিসংখ্যানসহ তুলে ধরা হয়।
উল্লেখ্য গত ৮ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার কটিয়াদী বাসস্ট্যান্ডে সংগঠনের উদ্যোগে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ-গণধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও মুক্ত গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কবি, সাহিত্যিক, রাজনৈতিক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যাক্তিগণ অংশ নেন। মানববন্ধন থেকে ধর্ষণ-গণধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আট দফা দাবী উত্থাপন করা হয়। এর পক্ষে প্রায় তিন শতাধিক মানুষ মুক্ত গণস্বাক্ষর করেন। স্মারকলিপির সাথে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মানববন্ধন ও মুক্ত গণস্বাক্ষর কর্মসূচী সম্পর্কিত একটি ছবি সংযুক্তি হিসেবে সন্নিবেশিত করা হয়।
যে দাবীসমূহ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহৃদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে সেগুলো হল:
এক. ধর্ষণ মামলার জন্য বিশেষ দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করতে হবে।
দুই. যথাযথ তদন্ত সাপেক্ষে ধর্ষণ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
তিন. ভুক্তভোগীকে রাষ্ট্রীয়ভাবে আইনী সহায়তা প্রদান করতে হবে।
চার. ভুক্তভোগীর নিরাপত্তা ও পুনর্বাসনে রাষ্ট্রকে সহায়তা প্রদান করতে হবে।
পাঁচ. একযোগে সারাদেশে চলমান সকল ধর্ষণ মামলা চলতি বছরের মধ্যে নিষ্পত্তি করে নজির সৃষ্টি করতে হবে।
ছয়. নারীবান্ধব সমাজ বিনির্মাণে সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সাত. ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে।
আট. মানসিক বিকাশ ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয় পর্ষদের সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, হাসিবুর রশিদ রাফি প্রমূখ।
শাহরিয়া হৃদয়/ বার্তা বাজার