অবশেষে চাকরির দেখা পেলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শারীরিক প্রতিবন্ধী রাসেল ঢালী। হাইকোর্টে সাত বছরেরও বেশি সময় আইনি লড়াই করেন তিনি। আর এ লড়াই শেষে পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগ পেলেন রাসেল।
গতকাল (মঙ্গলবার) রাসেল ঢালীকে প্রতিবন্ধী কোটায় নিয়োগ দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়।
আজ (বুধবার) নিয়োগপত্র হাতে পেয়ে হাইকোর্টে ছুটে আসেন রাসেল ঢালী।
চাকরি পেয়ে রাসেল ঢালী বলেন, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিয়োগপত্রে তাকে চাকরিতে যোগ দিতে বলা হয়েছে। উচ্চ আদালত ও আইনজীবীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি দীর্ঘ সাত বছর অনেক কষ্ট করেছি। এতদিন কষ্টের পর নিয়োগপত্র হাতে পেয়েছি। এটি আমার কষ্টের ফল।
রাসেল ঢালীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, তিনি (রাসেল ঢালী) নিয়োগ পাওয়ায় প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় হাইকোর্ট বিভাগের রায় একটি অনন্য দৃষ্টান্ত।
কেএস/বার্তাবাজার