সকল স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ অক্টোবর খোলা হচ্ছে দেশের সকল সিনেমা হলগুলো। গত ২১ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সেই ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকেই চালু হচ্ছে দেশের বন্ধ থাকা সব সিনেমা হলগুলো।
করোনার প্রভাবে সিনেমা হলগুলো প্রায় সাত মাস ধরে বন্ধ। বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে দেশের পরিস্থিতি। এখন স্কুল-কলেজ ছাড়া সব প্রতিষ্ঠানই খুলে দেয়া হয়েছে। অনেকেই সিনেমা হল খোলা হোক এমন দাবি করছেন।
অবশেষে সরকার আগামী শুক্রবার থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে। সেখানে আসন সংখ্যা অর্ধেক করার নির্দেশ দেয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সিনেমা হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে সারাদেশের সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’
খোঁজ নিয়ে জানা গেছে, প্রযোজক-পরিচালকদের এ মুহূর্তে সিনেমা মুক্তিতে আগ্রহ নেই। তারা অনেকেই মনে করছে এখনো কাটেনি মানুষের মন থেকে করোনার ভয়। হল খুললেও এমন সময় আসবে না দর্শক। তাই ঝুঁকিপূর্ণ এ সময় বড় বাজেটের ছবিগুলো নিজেদের সরিয়ে রাখতে চাইছে।
শোনা যাচ্ছে হল চালু হলে ১৬ অক্টোবর মুক্তি পাবে হিরো আলমের সিনেমা ‘সাহসী হিরো আলম’।
বার্তাবাজার/কে.কে