আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ সুষ্ঠু-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে জেলা পুলিশের আয়োজনে বুধবার দুপুরে জেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার হাসিবুল আলম তার বক্তব্যে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হলে আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা উল্লেখ করেন।
জেলায় এবার ৪৭০ টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে পূজা উদযাপন হবে। শান্তিপূর্ণভাবে নিরাপত্তা বলয়ে পূজা অনুষ্ঠিত হওয়ার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খল পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে জেলা পুলিশ।
বার্তাবাজার/আর.আর