সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান আহমদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বরখাস্ত হওয়া অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে নিয়ে চাঞ্চল্য তার জেলা ব্রাহ্মণবাড়িয়ায়। স্থানীয়রা বলছেন, চাকরিতে যোগদানের পর থেকে অঢেল সম্পদের মালিক আকবর। তার পরিবার নিয়েও আছে নানা বিতর্ক। তবে অভিযোগ মানতে নারাজ স্বজনরা।
জানা যায়, জেলার আশুগঞ্জের বাগাইড় গ্রামে বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেনের একটি আলিশান বাড়ি রয়েছে। পুলিশে যোগদানের পরই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান তিনি। অল্প দিনেই নিজ গ্রামে গড়ে তোলেন প্রচুর সম্পদ-সম্পত্তি। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে আকবরের সংশ্লিষ্টতার খবর এরইমধ্যে ছড়িয়েছে তার এলাকায়। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
আরও জানা যায়, আকবরের বাবা স্কুলশিক্ষক ছিলেন। শিক্ষকতার সময় তিনি এক ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ওই ঘটনা নিয়ে মামলা হয়েছিল। সেই মামলায় তাকে সাজাও দেয়া হয়েছিল। বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়ার কঠোর শাস্তি এবং নিহতের পরিবার যেন ন্যায্য বিচার পায় এমনটিই প্রত্যাশা করছেন আশুগঞ্জবাসী।
এদিকে, আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিশ্বাস করছে না তার পরিবার। তারাও চাইছেন ঘটনার সুষ্ঠু তদন্ত হোক।
আকবরের ভাই বলেন, আমার ভাই এ ধরনের কাজ কখনো করতে পারেন না। আমি চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। আমরা নিউজের মাধ্যমে এ ঘটনা জানতে পেরেছি। কিন্তু কোনো সত্যতা পাইনি। আমার ভাই আসলে কিছুই বলেননি যে, আমি এটা করেছি, ওইটা করিনি। এভাবে আমরা আসলে কিছুই জানতে পারিনি।
বার্তাবাজার/কে.জে.পি