সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করছে পিবিআই।
আজ বুধবার দুপুরে ফাঁড়িতে পৌঁছে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করছে পিবিআই সদস্যরা। গতকাল মঙ্গলবার এ মামলার তদন্তভার পিবিআইকে হস্তান্তর করা হয়।
এদিকে, রায়হানের মরদেহ আবার ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ফাঁড়ির বরখাস্ত এসআই আকবরকে ধরতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গত রবিবার সকাল ৬টা ৪০ মিনিটের সময় গুরুতর আহতাবস্থায় রায়হান উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। পরে ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান। মারা যাওয়ার পর রায়হানের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার হাতের নখও উপড়ানো ছিল। এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন করে রায়হানকে মেরে ফেলার অভিযোগ ওঠে।
বার্তাবাজার/কে.জে.পি