চার লক্ষ টাকায় চাকরি, ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা

বগুড়ার শিবগঞ্জে চাকরি দেয়ার কথা বলে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে শরিফুল নামের এক দালালের বিরুদ্ধে। শুধু তাই নয় টাকা নেয়ার পর ভুয়া নিয়োগ পত্র দিয়ে প্রতারণাও করা হয়েছে ভুক্তভোগী যুবকের সাথে।

এ ব্যাপারে মঙ্গলবার শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ, উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণ পাড়া এলাকার রাকিবুল ইসলামকে এ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড এ চাকরি দেয়ার কথা বলে ৪ লক্ষ টাকা নেয় একই ইউনিয়নের লক্ষীকোলা কারিগর পাড়ার শরিফুল ইসলাম। টাকা দেয়ার ৬ মাস পর দেয়া হয় নিয়োগ পত্রও। কিন্তু নিয়োগ পত্র হাতে পেয়ে কর্মস্থলে গেলে অফিস কর্তৃপক্ষ রাকিবুলকে জানায় তার নিয়োগ পত্রটি ভুয়া।

পরে নিরুপায় হয়ে বাড়ি ফিরে দালাল শরিফুলকে টাকা ফেরৎ দেয়ার কথা বললে তালবাহানা করে শরিফুল। এখন টাকা ফেরত চাইলেই রাকিবুলকে দেয়া হচ্ছে হুমকি ধামকি।

এব্যাপারে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বুধবার সকালে জানান, ভুক্তভোগী রাকিবুল এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর