বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে ৪ উইকেটে পরাজিত হয় মাহমুদউল্লাহ একাদশ। তবে দ্বিতীয় ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে দারুণভাবে ফিরে এসেছে মাহমুদউল্লাহদের দলটি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই তামিমদের দলের উপর আধিপত্য দেখিয়েছেন মাহমুদউল্লাহরা। বিশেষ করে প্রথম ম্যাচের ঘাটতিগুলো পুষিয়ে নিয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। জয়ের ধারায় ফিরতে পেরে তাই বেশ খুশি অধিনায়ক মাহমুদউল্লাহও।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার মনে হয় প্রথম ম্যাচে আমাদের ব্যাটিং বিভাগে কিছু ঘাটতি ছিল, বোলাররা ভালো করেছিল। যে কারণে ফল আমাদের দিকে ছিলনা। আজকে বোলাররা ভালো করেছে, পাশাপাশি ফিল্ডিং ভালো ছিল।’
তবে বোলিং এবং ফিল্ডিং ভালো হলেও ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না মাহমুদউল্লাহ। কারণ তামিমদের দেয়া ১০৪ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুন্য রানে তিন উইকেট হারাতে হয়েছিল তাদের। একই ব্যাপার দেখা গেছে প্রথম ম্যাচেও।
তাই ব্যাটিং নিয়ে এখনও অনেক কাজ করতে হবে বলে মনে করছেন জাতীয় দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার। মাহমুদউল্লাহর ভাষায়, ‘আমার এখনো মনে হয় আমাদের ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। বিশেষ করে শুরুতে আমরা উইকেট হারাচ্ছি, প্রথম ম্যাচেও এরকম হয়েছে।’
আগামী ম্যাচগুলোতে আরো ভালো করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন মাহমুদউল্লাহ। বিশেষ করে স্কোরবোর্ডে আরো রান যোগ করার প্রতি বেশি গুরুত্ব দেয়ার পক্ষে তিনি। আজকের ম্যাচে দ্রুত উইকেট হারানোর ক্ষেত্রে শিশির এবং বৃষ্টি বড় ভূমিকা রাখলেও অজুহাত দিতে চাচ্ছেন না টাইগার এই ক্রিকেটার।
মাহমুদউল্লাহ বলেন, ‘আশা করি সামনের ম্যাচগুলোতে এ জায়গাটায় উন্নতি হবে। আমার মনে হয় পিচ ভালো ছিল। প্রথম দিকে কিছু বল হয়তো সুইং করছিল, শিশির ছিল, কিছু সময় বৃষ্টিও ছিল। এ কারণে শিশির বা বোলাররা বাড়তি কিছু সুবিধা পেয়েছে। কিন্তু এটা কোন অজুহাত হতে পারেনা। বিশেষ করে আমি মনে করি আমাদের দলের ব্যাটসম্যানদের আরও স্কিলের প্রয়োগ করতে পারে স্কোরবোর্ডে আরও বেশি রান যোগ হবে।’
কেএস/বার্তাবাজার