পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে লিয়ন ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত শিশু লিয়ন ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার জানায়, সন্ধ্যায় লিয়নের বাবা বাড়ির পাশেই পুকুরে মাছ ধরতে যায়। এসময় সবার অজান্তে লিয়ন বাবার পেছনে পুকুরের পাশে চলে যায়। পরে অসাবধানতাবশত পুকুরের ধারে গেলে পুকুরের পানিতে পড়ে গেলেও লিয়নের বাবা টের পায়নি। পরে বাড়িতে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করলে এক পর্যায়ে শিশুটিকে পুকুরের এক কোনের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে তার মা। পরে তার চিৎকারে লিয়নের বাবা দৌড়ে এসে পুকুরের পানিতে নেমে দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম শিশুটির নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
কেএস/বার্তাবাজার