টাঙ্গাইলে সাপের কামড়ে ও পানিতে ডুবে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলে সাপের কামড়ে ও পানিতে ডুবে দুই শিশুসহ এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নাগরপুরে পানিতে ডুবে দুই শিশু ও বাসাইলে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো- নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামের শফিকুল মিয়ার ছেলে হাবিব মিয়া (৩) ও ওহাব আলীর মেয়ে সোনিয়া (২)।
সাপের কামড়ে মারা যান বাসাইল উপজেলার কাশিল মধ্যপাড়া গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে রুহান মিয়া (১৮)। রুহান টাঙ্গাইলের সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, সকালে হাবিব ও সোনিয়া বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে তারা বাড়ির পাশের ডোবায় বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর হাবিবের ফুফু রোজিনা দুই শিশুকে ডোবা থেকে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কলেজ ছাত্র রুহান পাশের গ্রাম নাকাছিমে টেটা দিয়ে মাছ ধরতে যান। এ সময় সড়কের পাশে তাকে সাপে কামড় দেয়। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করা হয়।

রুহানের অবস্থা খারাপ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয় ঢাকায়। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কদ্দুছ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর