অপারেশনের সময় প্রসূতির জরায়ূ ও মূত্রতলি কেটে ফেললেন চিকিৎসক

নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় অবস্থিত সুনেত্র হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুল চিকিৎসায় আইরিন পারভীন ঝর্ণা (৩৬) নামের এক প্রসূতি মারা গেছেন। গতকাল (সোমবার) অপারেশনের সময় ওই প্রসূতির জরায়ু ও মূত্রতলী কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। আজ (মঙ্গলবার) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ঝর্ণা নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের নূরে আলম খোকনের স্ত্রী।

নিহতের দেবর মো. আল মাসুদ জানান, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে সুনেত্র হাসপাতালে চিকিৎসক জীবন কৃষ্ণ রায় ঝর্ণার সিজারিয়ান অপারেশন করেন। তখন ভুলবশত ঝর্ণার মূত্রথলি কেটে ফেলেন চিকিৎসক। পরে তার রক্তক্ষরণ শুরু হয়। এরপর আবার তাকে অপারেশন থিয়েটারে নেন চিকিৎসক। এ সময় কেটে ফেলেন ঝর্ণার জরায়ু। এভাবে জটিলতা বাড়তে থাকে তার। সেই সঙ্গে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তৃতীয়বারের মতো তাকে অপারেশন থিয়েটারে নেন চিকিৎসক। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

তিনি আরও জানান,অবস্থা বেগতিক দেখে সোমবার রাতে ঝর্ণাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। পরে ঝর্ণাকে সেখানে নেয়া হয়।
নেত্রকোনা থেকে ময়মনসিংহ নেয়ার পথে ঝর্ণার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। ময়মনসিংহ হাসপাতালে যাওয়ার পর সুনেত্র হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো লোক রোগীর সঙ্গে থাকা চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সটকে পড়েন। এতে রোগীর চিকিৎসা নিতে বেগ পেতে হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সুনেত্র হাসপাতাল্লের পরিচালক আব্দুল কাইয়ুম খান জানান, কাগজগুলো রোগীর প্রয়োজন নেই। এগুলো হাসপাতালে রাখতে হয়। সেজন্য নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। একাধিকবার তার মোবাইল নম্বরে কল দিলেও রিসিভ করেননি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মুর্শেদা খাতুন বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়েছি। মৃত ঝর্ণার পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর