বেগমগঞ্জে নারী নির্যাতন: কালামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বেগমগঞ্জে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় তিন নম্বর আসামি কালাম সাতদিনের রিমান্ডে নেওয়ার তিনদিনের মাথায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক কার্যবিধির ১৬৪ ধারায় কালামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে রোববার (১১ অক্টোবর) দুপুরে কালামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালীর তদন্ত দল আদালতে হাজির করে।
উল্লেখ্য, ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সে দৃশ্যের ভিডিও ধারণ করে স্থানীয় কয়েকজন বখাটে। এরপর বখাটেরা কিছুদিন বাড়িতে নজরবন্দি করে রাখেন ওই নারীসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের। একপর্যায়ে ওই পরিবার বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এই ঘটনার প্রায় ৩২ দিন পর রোববার (৪ অক্টোবর) নির্যাতনের ভিডিও ফেসবুকে প্রকাশ পেলে সাথে সাথে ভাইরা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে নির্যাতিত নারীকে রাতেই উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। ওই রাতেই বেগমগঞ্জ মডেল থানায় ভুক্তভোগী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের করেন। দু’টি মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭-৮ জনকে আসামি করা হয়। এই মামলায় এখন পর্যন্ত মূল হোতা দেলোয়ারসহ মোট এগারজনকে গ্রেফতার করা হয়েছে। এই ১১ জনের মধ্যে মামলার এজাহারভুক্ত রয়েছে ৬ জন। পুলিশি তদন্তে দেলোয়ারসহ বাকি পাঁচজন এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি উঠে আসায় এ দুই মামলায় গ্রেফতার করা হয়েছে।
বার্তাবাজার/কে.কে