নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল ও তার পরিবারের লোকজনের অত্যাচার থেকে রক্ষা পেতে কাফনের কাপড় পড়ে প্রতিবাদ করেছেন এক দম্পতি। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি জমা দেন। আজ (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের সস্তাপুর মধ্যপাড়া এলাকার মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী এই প্রতিবাদ ও স্মারকলিপি দেন।
ওই দম্পতি অভিযোগ করে বলেন, শাহরিয়া রেজা হিমেলআমাদের কাছে প্রথমে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। যদি টাকা না দেই তাহলে বসতবাড়ি থেকে উৎখাত করবে বলে হুমকি দিচ্ছে। আর চাঁদা দাবির ঘটনা যদি জানাজানি হয় বা আইনের আশ্রয় নেয়ার চেষ্টা করি তাহলে পরিবারসহ হত্যা করে লাশ গুম করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিবে বলে বলেছে।
নজরুল ইসলাম তার স্মারকলিপিতে বলেন, ‘মো. শাহজালাল ও মো. শাহজাহান দুই জন আমার সস্তাপুর মধ্যপাড়াস্থ ভোগদখলে থাকা ভূমিতে জোরপূর্বক দখল করতে চায়। তারা বিভিন্ন সময় আমার জমি দখল করবে বলে আমাকে হুমকি প্রদান করে আসছে। পরবর্তীতে গত ৮ অক্টোবর তাদের ভাতিজা ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা হিমেল, তার চাচা মজিবুর রহমান, জুয়েল, মো. জাকির সহ ২০-২৫ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আমাকে আমার বাড়ি থেকে উৎখাত করে দেয়ার হুমকি দেয়।
এর আগে গত ৪ অক্টোবর তিন সন্তান নিয়ে এক দম্পতি হিমেলের বিরুদ্ধে মানববন্ধন করেছিল। রিকশা গ্যারেজ মালিক শফি প্রধান, তার স্ত্রী মেহেরুন নেছা ও তিন ছেলে সন্তানকে নিয়ে ওই মানববন্ধন করার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পর থেকেই তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ আসতে শুরু করে।
এ ব্যাপারে হিমেল গণমাধ্যমকে জানান, তাকে ও তার পরিবারকে হেয় করতে এসব মিথ্যা অপপ্রচার। দেশে আইন আছে, পুলিশ-র্যাব আছে। আমরা এত অত্যাচার করলে কি তারা বসে থাকতো।
বার্তাবাজার/এসজে