বগুড়ার ধুনটে নিজের মেয়ের ধর্ষণকারীর ফাঁসি চেয়ে একাই পোস্টার হাতে দাঁড়িয়েছেন এক বাবা। আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পোস্টার হাতে ও মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকেন তিনি।
ওই বাবা গণমাধ্যমকে জানান, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তার মেয়ে (১০)। চাকরি করতে স্ত্রীকে নিয়ে তিনি ঢাকায় থাকেন। আর গ্রামে দাদা-দাদির কাছে থেকে তার মেয়ে পড়াশোনা করে। গত ৬ জুন বাড়িতে কেউ না থাকায় সে তার দাদার ঘরে বসে টিভি দেখছিল। এ সুযোগে প্রতিবেশী উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে ফজল ও তার ছোট ভাই নয়ন ঘরে ঢুকে তার মেয়েকে গণ-ধর্ষণ করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক দুই ভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন। বর্তমানে আসামিপক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে মেয়েটিকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় আরেকটি জিডি করা হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছে। তবে ধর্ষণ মামলার বাদীকে হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে