রাজধানীর দক্ষিণ বসিলা এলাকায় মায়ের সহযোগীতায় তিন সন্তান মিলে লাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। আজ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই শহর আলী জানান, হাজারীবাগের দক্ষিণ বসিলা এলাকায় নিজ বাসার দোতলায় থাকতেন লাল মিয়া। পারিবারিক কলহের জের ধরে ৭-৮ মাস আগে স্ত্রী আরজুদা বেগমকে তালাক দেন লাল মিয়া। তালাকপ্রাপ্ত স্ত্রীর আরজুদা বেগমও বাড়ির তিনতলায় ছেলেদের সঙ্গে থাকতেন। লাল মিয়ার ছেলে ও স্ত্রীর সঙ্গে সবসময় ঝগড়া লাগত। মঙ্গলবার দুপুরে ছেলেরা তার ঘরে ঢুকে বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। এ সময় স্ত্রী আরজুদা বেগম দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেন।
এরপর লাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় বাসায় পড়ে থাকতে দেখেন শহর আলী। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেয়া হয়। বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বার্তাবাজার/এসজে