আমার বিরুদ্ধে মামলা হলে ডিসির বিরুদ্ধেও মামলা হওয়া উচিত (ভিডিওসহ)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন পরবর্তী বিজয় সমাবেশে জেলা প্রশাসকসহ (ডিসি) স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে। এ ঘটনায় এমপি নিক্সন বলেন, আমি যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে থাকি, তাহলে জেলা প্রশাসকও আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্য এডিট করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজ করা হয়েছে। ডিসির নির্দেশেই এসব কল রেকর্ড প্রকাশ করা হয়েছে।’

প্রকাশিত কল রেকর্ডের ভয়েস তার না বলেও দাবি করেন এমপি নিক্সন। জেলা প্রশাসক ডিজিটাল নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন উল্লেখ করে ফরিদপুর-৪ আসনের এমপি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান।

এছাড়া যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তার কথোপকথোনের অডিও রেকর্ড প্রকাশ করা হয়েছে তার সঙ্গে মধুর এবং ভাই-বোনের সম্পর্ক বলেও দাবি করেন নিক্সন চৌধুরী।

এদিকে মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার জানান, দু-একদিনের মধ্যে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর