বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সোমবার (১২ অক্টোবর) গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) নিম্নচাপটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে, যার প্রভাবে ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাত হবে।
বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ হবে বেশি। দেশের ৪টি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত ও নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে গতকাল ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় গতকাল ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে, ৬৮ মিলিমিটার।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
বার্তাবাজার/অমি