ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা সংক্রান্ত করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে। আগামী ৪ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়ার আদালত আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) নতুন এ দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।
মামলায় ভিপি নুর ছাড়া অপর আসামিরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
বার্তাবাজার/আর.আর