ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানের অধ্যাদেশ জারি আজ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সংযোজন করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে, তা আজ মঙ্গলবার রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হবে।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করার কথা।

সোমবার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সংশোধিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড, যাবজ্জীবনও থাকছে। এটি মঙ্গলবার (আজ) অধ্যাদেশ আকারে জারি করা হবে।’

সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যৌননিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ আর বিক্ষোভের মধ্যে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ড করার প্রস্তাব অনুমোদন দিল।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সংশোধিত আইন অনুযায়ী ৯(১) উপধারায় ‘যাবজ্জীবন সশ্রম কারাদন্ড’ শব্দগুলোর পরিবর্তে ‘মৃত্যুদন্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ড’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর