চিত্রনায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা) জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাসুদ পারভেজ নিজেই। তিনি জানান, গত ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
ছাত্রজীবনে ছাত্রলীগের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ভিপি ছিলেন মাসুদ পারভেজ। পরবর্তীতে মাসুদ পারভেজ সোহেল রানা নাম নিয়ে পরে চলচ্চিত্র অঙ্গন মাতালেও আওয়ামী লীগের সংস্রবেই ছিলেন।
২০০৯ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন তিনি। জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন এই চিত্রনায়ক।
জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতি পদ দেয়া হলেও পরবর্তীতে সেই ছেড়েছেন মাসুদ পারভেজ। জাতীয় পার্টি থেকে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “তৃণমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা এবং দেশজুড়ে নিবেদিতপ্রাণ নেতাদের অবমূল্যায়ন করাকে আমার পদত্যাগের কারণ বলব।
মাসুদ পারভেজ আরও বলেন, “পার্টিতে এখন যারা রয়েছেন, বলছি না তারা খারাপ, কিন্তু তাদের চেয়েও নিবেদিতপ্রাণ, শিক্ষিত কর্মী দলে রয়েছেন। তাদের মূল্যায়ন করা হল না। এ নিয়ে তৃণমূলের কর্মীরাও হতাশ। আমি ব্যথিত। তাই পদত্যাগ করেছি।”
এবিষয়ে জানতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বক্তব্য পাওয়া যায়নি। তবে জাপা চেয়ারম্যানের গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক সচিব সুনীল শুভ রায় বলেন, “আমি এখনও এ ব্যাপারে কিছু শুনিনি। তিনি পদত্যাগপত্র কবে পাঠিয়েছেন, তাও জানি না।”
জাতীয় পার্টি ছাড়লেও রাজনীতির ময়দান থেকে এখনই সরে যাচ্ছেন না বলে জানান এই চলচ্চিত্র তারকা।
তিনি বলেন, “কখন কী হবে, এটা তো বলা মুশকিল। আমি রাজনীতি সচেতন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থাকবে।”
বার্তা বাজার / ডি.এস