অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, কনস্টেবল সাদ্দাম তিন দিনের রিমান্ডে

শরণখোলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর চার টুকরা করা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে বাগেরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকার শুনানি শেষে রিমান্ডের আদেশ প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শরণখোলা থানার উপপরিদর্শক আমির হোসেন জানান, পুলিশ কনস্টেবল সাদ্দামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার সাদ্দামকে থানায় হাজির করে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮অক্টোবর) ভোরে শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাদ্দাম হোসেন তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জোৎস্না বেগমকে (৩৫) প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ চার টুকরা এবং পেট চিরে ছয় মাসের সন্তানকে বের করে বস্তাবন্দি করে রাখেন। ওইদিন রাত ১১টার দিকে লাশ গুম করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

খুলনার রূপসা উপজেলার চাঁনপুর (নারকেলি) গ্রামের মৃত আবুবকর শেখের মেয়ে নিহত জোৎস্না বেগম সাদ্দামের দ্বিতীয় স্ত্রী। কনস্টেবল সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আ. লতিফের ছেলে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর