ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিৎ: এমপি মোকতাদির

ধর্ষণে অভিযুক্তদের বিচার শেষে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিৎ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বলেন, শুধু তাই নয়, যারা বিভিন্নস্থানে ছোট ছোট ছেলেদের সাথে অত্যাচার (যৌন নিপীড়ন) করে তাদেরও মৃত্যুদণ্ড হওয়া উচিত।

সোমবার বিকেলে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী আরো বলেন, যত রকমের নারী শিশু বিদ্বেষী আছে, তাদের সবাইকে দ্রুত বিচার আইনের আওতায় আনা উচিৎ। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে ক্রসফায়ারে বিশ্বাসী না হলেও ধর্ষণের অভিযুক্তদের বিচার শেষে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিৎ।

জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম.এ.মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ মহসিন প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর