সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এ ঘটনায়
আজ সোমবার (১২ অক্টোবর) নিহতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ৭২ ঘণ্টার ভেতরে রায়হানের ‘হত্যাকারীদের’ শাস্তির আওতায় আনতে হবে। আর যদি তা না হয় তাহলে হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
আর এ মানববন্ধনে নিহত রায়হানের মা-বোনসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। এসময় তারা রায়হান ‘হত্যার’ প্রতিবাদ করেন এবং ‘হত্যাকারীদের’ সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন এবং পুলিশবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
ছেলের হত্যাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন নিহত রায়হানের মা সালমা বেগম। এসময় তিনি দুই হাত আকাশের দিকে তুলে হাউ-মাউ করে কান্নায় ভেঙে পড়েন। অকালে সন্তান হারানো মায়ের আর্তনাদে চারপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।
সালমা বেগম আরও বলেন, আমার ছেলে ছিনতাইকারী বা অপরাধী কোনটা নয়। তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বিনা দোষে রাতভর নির্যাতন করে হত্যা করেছে। পুলিশ কাজের হচ্ছে মানুষের জান-মাল রক্ষা করা, কিন্তু সেই পুলিশই আজ আমার ছেলেকে হত্যা করল। ঘুষের টাকার জন্য পুলিশ আমার ছেলেকে হত্যা করেছে। রায়হানের দুই মাস ২১ দিনের একমাত্র কন্যা সন্তান রয়েছে। সে বড় হলে তাকে আমি কী সান্ত্বনা দিবো, আর আমি কীভাবে এ শোক সহ্য করবো।
কেএস/বার্তাবাজার