চিটাগং শপিং কমপ্লেক্সের সৌন্দর্য বিকাশ ও আলো বাতাস চলাচলে যাতে কোন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে সজাগ থাকার কথা বলেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
সোমবার (১২ অক্টোবর) চিটাগাং শপিং কমপ্লেক্স আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের সমন্বয় ও সংশোধন বিষয়ে চসিক সম্মেলন কক্ষে শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় চসিক প্রশাসক চিটাগং শপিং মলের তৃতীয় তলা ঝুঁকিমুক্ত রাখতে এবং মলের পার্কিংয়ের জায়গা উন্মুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কোন দোকান নির্মাণ ও ভবন বর্ধনের মাধ্যমে শপিং মলের সৌন্দর্য বিকাশে ও আলো বাতাস চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে ব্যবসায়ীদের সজাগ থাকার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি সিটি করপোরেশনের আইন বহির্ভূত কোনো কিছু যাতে না হয় সে ব্যাপারে নজরদারি করার জন্য প্রধান রাজস্ব কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, এস্টেট অফিসার মো. কামরুল ইসলাম, ডেভেলপার মো. ইসমাইল, চিটাগাং শপিং কমপ্লেক্সের সহ-সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক এসএম আবু নাছের চৌধুরী, আ ন ম সাইফুর রহমান সিদ্দিকী, মোস্তফা কামাল, মোমিনুল হক, মো. নজরুল আনসারী, মঈনুল ইসলাম, মোরশেদ উদ্দিন আহমদ, জিএম আজমল খান সহ প্রমুখ।
প্রসঙ্গত চিটাগং শপিং কমপ্লেক্সের পার্কিংয়ের জায়গায় ও নিচ তলার টয়লেট ভেঙ্গে নতুন দোকান তৈরীর কাজ শুরু হলে শপিং কমপ্লেক্সের মূল দোকানদাররা অসন্তোষ প্রকাশ করেন এবং এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেন। যা গণমাধ্যম প্রকাশিত হলে মন্ত্রীর নজরে আসে এবং তিনি চসিক প্রশাসককে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
বার্তাবাজার/এমআর