সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন অফিসে প্রবেশ করেন মোহাম্মদ নাসিমপুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। এ সময় মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. আবুল হোসেন।
সহকারী রির্টানিং অফিসার জানান মোট ২ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আগামী ১৩ অক্টোবর মনোনয়পত্র দাখিলের শেষ দিন। ১৫ অক্টোবর মনোনয়নপত্র যাচাই হবে। ২২ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ১২ নভেম্বর কাজিপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুর ২টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন নাসিমপুত্র।
এ সময় কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল হক, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আ,লীগ সভাপতি শওকত হোসেনসহ আওয়ামী সংগঠন ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ ই জুন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর এই আসনটিকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বার্তা বাজার / ডি.এস