আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ গতকাল (রোববার) নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, সম্প্রতিকালে ধর্ষণের কয়েকটি ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন এবং এটি নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষণের প্রতিবাদে চলা আন্দোলনের ব্যাপারে আমরা সুস্পষ্ট একটা বিষয় জানিয়ে দিতে চাই, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এটা আমরাও দাবি করছি।
তিনি বলেন, ‘ইতিমধ্যেই আমাদের সরকার প্রধান প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া এবং এ ব্যাপারে আইনের যথাযথ সংশোধন আগামী সোমবার ক্যাবিনেটে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে আমরা আশা করি, আগামী সোমবার ক্যাবিনেটে উপস্থাপনের ভিত্তিতে আগামী সংসদে আইনটা পাস হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই ধর্ষণের বিরুদ্ধে এবং সব অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছেন। ইতিমধ্যেই যেসব ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে সরকার কিন্তু কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আমাদের প্রত্যেক পরিবারের, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে আপনার ঘরের সন্তানের প্রতি আগে নজর রাখুন। আপনার সন্তান কী করছে, তারা কখন কার সাথে মিশছে বা তাদের চালচলন কেমন, তারা কোনো মাদকের সাথে সংযুক্ত হচ্ছে কি না বা কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছে কি না।’
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আপনারা ঘর থেকে যদি আপনাদের সন্তানদের সঠিকভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনার পরিবার থেকেই একটা সমাজ, আদর্শ মানুষ দ্বারাই গঠিত হবে এবং সেখানে মানুষের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।’
বার্তাবাজার/এমআর