দলীয় শৃঙ্খলা ভাঙার দায়ে দল থেকে বহিস্কার হয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। রোববার রাতে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনীর হোসেন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ জানানো হয়েছে।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো
এই বিষয় ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। অনেকেই আমাকে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছে কিন্তু যেহেতু কিছু জানিনা তাই এ বিষয়ে কিছু বলতে পারবো না।
তবে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ২০১৮ সালে পটুয়াখালী আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসা করে বিভিন্ন আলোচনা করেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যকলাপের সমালোচনা করেন।
কিন্তু জেলা বিএনপির কতিপয় নেতৃবৃন্দ ওয়াহিদ সরোয়ার কালামের বক্তব্যের শুধুমাত্র বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসার অডিও অংশ কেটে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের কাছে প্রেরণ করে। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ওই অডিও পর্যালোচনা করে রোববার রাতে তাকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য জেলা বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করেছে।
বার্তাবাজার/এসজে