প্রথমবারের মত আবাসিক হল পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রথম ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ আগামী ২০ অক্টোবর উদ্বোধন করা হবে। আজ (রোববার) জবি উপাচার্য মীজানুর রহমান হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসে আবাসিক হলটি উদ্বোধন করা হলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ছাত্রীরা হলে উঠলেই এর পূর্ণতা পাবে। পুরান ঢাকার মতো স্বল্প জায়গায় হল নির্মাণে অনেক প্রতিবন্ধকতা ছিল। কাজ এখন শেষের দিকে। হলে ছাত্রীদের জন্য সব আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস খোলার পরে আমরা সিট বরাদ্দের প্রক্রিয়া শুরু করব। ইতিমধ্যে হল প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সহকারী প্রভোস্টসহ হল পরিচালনায় অন্যান্য কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, ২০তলা ভিত্তির ১৬তলা ভবনটিতে মোট ১৫৬টি কক্ষ, একটি পাঠাগার, একটি ক্যানটিন, একটি ডাইনিং রয়েছে। এ ছাড়া প্রতি তলায় সাতটি করে টয়লেট, নয়টি গোসলখানা এবং চারটি লিফটের ব্যবস্থা করা হয়েছে। প্রতি কক্ষে চারজন ছাত্রীর থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি শিক্ষার্থীর জন্য আলাদা বিছানা ও টেবিল-চেয়ার রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর