ময়মনসিংহের মুক্তাগাছায় আরব এগ্রো ফার্ম থেকে প্রহরীদের হাত-পা বেঁধে ১৬ টি গরু ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ব্যবহৃত ট্রাক, প্রাইভেটকার, কাটার মেশিন, ত্রিপলসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম।
রোববার (১১ অক্টোবর) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ।
তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ডৌয়াখোলা গ্রামের আরব এগ্রো ফার্ম থেকে দুই প্রহরীর হাত-পা বেঁধে দেশী-বিদেশী জাতের ১৬টি ষাঁড় গরু নিয়ে যায় ডাকাতদল। পরদিন খামারটির মালিক আরব আলী মুক্তাগাছা থানায় একটি ডাকাতি মামলা করেন। পরে মামলাটি ডিবি কর্তৃক তদন্তকালে স্বল্প সময়ে একটানা অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনা উদঘাটন করা হয়। শনিবার (১০ অক্টোবর) ঢাকা, সাভার, পাবনা ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক, প্রাইভেটকার, কাটার মেশিন, তিনটি চাকু, ছয়টি টকুরা রশি, কেচি, দুটি ত্রিপল ও হাসিল বই উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার ধুনট সরকারপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রাব্বানী হোসেন (২৮), ঢাকা ধামরাইয়ের মৃত আঃ মালেকের ছেলে শহিদুল ইসলাম (২৮), সিরাজগঞ্জ সদর বুড়বুড়িয়ার মৃত রেজাউল করিমের ছেলে মাসুদ রানা (৩২), পাবনা আতাইকুলা উপজেলার আলিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মৃত গনি মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩৪)।
বার্তা বাজার / ডি.এস