দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে পর্নোগ্রাফি বড় কারণ বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্য প্রযুক্তির অবাধ দুনিয়ায় যে কোনো ক্ষেত্রে বিচরণ এখন অনেক সহজ হওয়ায় ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোররা-তরুণরা নানাভাবে পর্নোসাইট থেকে শুরু করে সব জায়গায় প্রবেশ করতে পারে। যদিও সরকার অনেকগুলো পর্নো সাইট বন্ধ করে রেখেছে, কিন্তু অন্য কোনো সাইটের মাধ্যমে সেগুলোতে প্রবেশ করতে পারে। সেখানে অন্য বিনোদনের প্লাটফর্ম আছে, যা আমাদের দেশের মুল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
রোববার জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগের ৬ ‘আলোকিত সাংবাদিককে সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, যেগুলো আমাদের ছেলেমেয়েরা দেখে থাকে এবং সেগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা প্রভাবিত হয়। আজকের এই (সাম্প্রতিক সময়ে সারা দেশে অব্যাহত ধর্ষণ) ঘটনাগুলোর পেছনে এটা একটি বড় কারণ।
ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে বর্তমান আইনকে আরও কঠোর করার দাবির বিষয়ে ড. হাসান মাহমুদের ভাষ্য, আইন কঠোর করলেই সমস্যার চূড়ান্ত সমাধান হবে না। আমি মনে করি, আইন কঠোর করে বা আইন প্রয়োগ করে এটি থেকে মুক্ত করা সহজ কাজ নয়। এটির জন্য আমাদের মনোজগতের পরিবর্তন আনা প্রয়োজন।
বার্তা বাজার / ডি.এস