বরিশালে যুবককে (২৪) বলৎকারের অভিযোগে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেফতারের পর আজ (রোববার) অভিযুক্ত আইনজীবী একেএম শামসুল হককে (৫৬) আদালতে আনা হয়। তখন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এই নির্দেশ দেন।
এর আগে শনিবার রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন বলাৎকারের শিকার ওই যুবক।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই ফজলুল হক বলেন, বলাৎকারের শিকার যুবকের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে। তার চালচলন অনেকটা নারীসুলভ। একটি জমি কেনাবেচাকে কেন্দ্র করে আইনজীবী শামসুল হকের সাথে তার পরিচয়।
জমি কেনার জন্য আইনজীবি শামসুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন বলাৎকারের শিকার যুবক। যাতায়াত শুরু করেন শামসুল হকের নগরীর গোরস্থান রোডের বাসায়। কম দামে জমি দেয়ার প্রলোভন দেখিয়ে গেল ৫ ফেব্রুয়ারী তাকে বলাৎকার করেন শামসুল হক।
এরপর ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার তাকে বলাৎকার করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন ওই যুবক। একই সাথে তার উপর শারীরিক নির্যাতনও চালানো হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভোররাতে থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বলাৎকারের শিকার যুবকের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে