শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সাভারে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন ও আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সাভার এর আয়োজনে রবিবার (১১ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ এনামুর রহমান এমপি তার বক্তব্যে জানান, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে প্রত্যেকটি মন্ডপে যে পরিমান অর্থ অনুদান দিয়েছেন সেটা প্রতিটি মন্ডপ হিসেবে সংখ্যায় কম হলেও সারা বাংলাদেশ মিলিয়ে এটা টাকার পরিমাণে অনেক বড়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, সংখ্যালঘু এই শব্দটায়ই আমার দ্বিমত রয়েছে, এখানে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের জনগণ। আর পূজা আসলেই কেনো তাদেরকে অভয় দিতে হবে? এখানে ভয় কিসের?

এসময় তিনি নির্ভয়ে এবং সরকার ঘোষিত নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে তাদের পূজা উদযাপনের আহ্বান জানান। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে প্রার্থনা করেন।

অনুষ্ঠানের সভাপতি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা জানান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পূজা মন্ডপ তৈরী করতে গেলেই সরকারকে রাজস্ব দিতে হয়। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য এটা মওকুফ করে দিয়ে আরো অনুদান প্রদান করেছেন।

এসময় পূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যাপারে কথা বলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, আশুলিয়ার থানার ওসি (তদন্ত) ফজলুল হক।

অনুষ্ঠানের শেষে সম্প্রতি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘হেলথ মিনিষ্টার’স অ্যাওয়ার্ড -২০১৯ লাভ করায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদাকে সংবর্ধনা দেয়া হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর