জাবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের বিরুদ্ধে এক কর্মচারীর উপর ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ তুলে মানববন্ধন হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে প্রশাসনের বাধার মুখেও বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় শতাধিক কর্মচারী এতে অংশ নেয়।

চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাতের প্রেক্ষিতে খাইরুল তার ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে বেগম সুফিয়া কামাল হলের হল অ্যাটেন্ড্যান্ট নাইম ইসলামকে হামলা করে বলে অভিযোগ ওঠে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নাইমের মাথা ও হাত মারাত্মকভাবে জখম হয়। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কর্মচারি ইউনিয়নের নেতারা খাইরুলের দ্রুত বিচার দাবি করেন।

মানববন্ধনে কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শরীফ মিয়া বলেন, ‘কর্মচারী নেতা হয়েও অপর কর্মচারিকে খাইরুল তার লোক দিয়ে যেভাবে জখম করেছে তা অত্যন্ত নেক্কারজনক। অনতিবিলম্বে আমরা এ হামলার বিচার দাবি করছি। অন্যথায় আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো।’ আগামী চার কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর বিচারের আশ্বাস দিয়েছেন বলেও জানান শরীফ মিয়া।

হামলার বিচারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘কর্মচারি ইউনিয়নের নেতারা আমার সাথে দেখা করেছে। যত দ্রুত সম্ভব আমি তাদেরকে বিচারের আশ্বাস দিয়েছি। এজন্য তারা আর মানববন্ধন করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। খাইরুলের বিরুদ্ধে এর আগেও আমরা একাধিক অভিযোগ পেয়েছি। আমি তদন্ত কমিটির সদস্য সচিবকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য জানিয়েছি। ’

উল্লেখ্য, কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও টাকা আত্মসাত ও প্রাণনাশের হুমকির অভিযোগ করে নাইম। কিন্তু অদৃশ্য কারণে অভিযোগের আট মাস গেলেও এর সুরাহা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর