বগুড়ায় গৃহবধূকে জবাই করে হত্যা

বগুড়ার ধুনটে শেফালী বেগম (৪৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী এশারত আলী আকন্দ।

রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচথুপি-সরোয়া গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শেফালী ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামের এশারত আলী আকন্দের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে একই বিছানায় ঘুমিয়ে পড়েন এশারত আলী ও তার স্ত্রী শেফালী বেগম। এ অবস্থায় রাত ২টার দিকে তাদের ঘরের ভেতর বিকট শব্দ শুনতে পান বাড়ির অন্যান্য লোকজন। প্রতিবেশীরা ঘুম থেকে জাগা পেয়ে এশারত আলীর ঘর চারিদিক থেকে ঘিরে ফেলেন। সবাই এশারতকে ঘরের দরজা খুলতে বলেন।

এসময় এশারত আলী বলেন, ঘরের ভেতর কেউ ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করা হবে। এক পর্যায়ে এশারত আলীর কৌশলে ঘরের দরজা খুলে পালিয়ে গেছে।

নিহতের ছেলে সেলিম হোসেন জানান, সন্ধ্যার দিকে মা ও বাবার মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ হয়েছে। সেই বিরোধের জের ধরে বাবা আমার মাকে গলা কেটে হত্যার পর পালিয়ে গেছেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক এশারত আলীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর