পৃথিবীতে কোন স্বৈরাশাসক টিকতে পারেনি: ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, পৃথিবীতে কোনও স্বৈরাশাসক টিকতে পারেনি। আপনারাও পারবেন না।

চ্যালেঞ্জ করলাম, দুদিন আগে-পরে আপনাদেরও চলে যেতে হবে।সরকারের উদ্দেশ্যে ভিপি নুর বলেন, আপনারা য‌দি স্বেচ্ছায় না যান তাহলে নির্মম-নিষ্ঠুর পরিণতির মধ্য দিয়ে বিদায় নিতে হবে। তবে চাই না মুক্তিযুদ্ধ পরিচালনাকারী একটি দল, বঙ্গবন্ধুর একটি দল স্বৈরাচারী খেতাব নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিক।

আজ রবিবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গণসংহতি আন্দোলনের অবস্থান কর্মসূচিতে নুর এসব কথা বলেন।

ভিপি নুর আরো বলেন, বর্তমানে দেশে ধর্ষণের মহোৎসব চলছে। এই যে দেশে যুবলীগের ক্যাসিনোকাণ্ড, ওসি প্রদীপের ঘটনা, ছাত্রলীগ নেতাদের এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ- বর্তমান সরকার তো টি‌কেই আছে এই ছাত্রলীগ, ক্যাসিনো যুবলীগ, ওসি প্রদীপের মতো লোকদের দিয়ে। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যদি পরিবর্তন করা না যায়, এই অবৈধ সরকারের যদি পতন ঘটানো না যায়, তবে ধর্ষণ-নির্যাতন থেকে দেশের মা-বোনেরা মুক্ত হতে পারবেন না।

শুক্রবার আর শনিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন, জনসমাবেশ, বিক্ষোভ সমাবেশ করে কোনও লাভ হবে না। গুণগত পরিবর্তন করতে হলে লড়াই-সংগ্রাম করতেই হবে।

নুর বলেন, মুক্তিযুদ্ধের ৪২ বছর পরে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যারা এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে একটা স্বৈরাশাসন কায়েম করেছে, তাদেরও বিচার হবে। সেইদিন খুব বেশি দূরে নয় প্রয়োজনে জীবন দিবও তারপরও এই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করবো।

যুবকদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে কোনও দেশে বৃদ্ধরা আন্দোলন করেন নাই। সব আন্দোলনই যুবকরা করেছে। ছাত্ররা করেছে। বৃদ্ধরা শুধু পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন। তাই যুবকদের একত্রিত হয়ে আন্দোলন করতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর