জুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, নারীর দগ্ধ লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে বিধ্বস্ত কারখানার ভেতর থেকে রোববার সকালে অগ্নিদগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে সার্ভিস কর্মীরা।

ওই নারীর নাম গোলাপী আক্তার (৩৩)। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার বারাবাড়ির হাটা সরদারপাড়া গ্রামের আইনুল হোসেনের স্ত্রী। নিহত গোলাপী ওই কারখানায় আউট সোল হেল্পার হিসেবে কাজ করতেন।

জানা গেছে, শনিবার বিকেলে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ছিলেন গোলাপী আক্তার। রবিবার সকালে দমকল বাহিনীর কর্মীরা নিখোঁজ এ নারীর দগ্ধ লাশ উদ্ধার করেছে।লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার বিকেল চারটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় মধ্যরাতে নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ধ্বংসস্তূপ থেকে কুণ্ডলী আকারে ধোঁয়া বের হচ্ছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর